করোনায় সঙ্গী রোবট

২৩ মার্চ, ২০২০ ১৫:৩২  
করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে রোবট। প্রতিবেশী দেশ ভারতের কেরালা রাজ্যের হাসপাতালে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিলি করছে তারা। করোনা মোকাবেলায় এবং জনসচেতনতায় ব্যবহারের পর চীনে কাজ শুরু করতে যাচ্ছে জীবানু নাশক রোবট। হাসপাতালে আক্রান্ত সন্দেহে কোনো রোগী এলে তাদের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া, মাস্ক, স্যানিটাইজার বিলি করা এমনকি ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের খাবার ও প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজও করছে রোবট-কর্মীরা। অপরদিকে আলোকরশ্মি ব্যবহারে জীবাণু ধ্বংস করতে রোবট ব্যবহার করতে যাচ্ছে চীনা সরকার। বিশেষ এই রোবটটি তৈরি করেছে ইউভিডি রোবট কোম্পানি। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সাইমন এলিস জানিয়েছেন, এই রোবট চলবে স্বয়ংক্রিয়ভাবে। সংক্রমণ প্রতিরোধে ইংরেজির পাশাপাশি চীনা ভাষায়ও প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিতে পারে। রোবটটি ধ্বংস করবে বিভিন্ন রোগের ভাইরাস ও জীবাণু। তবে, এটি মানবদেহের জন্য ক্ষতিকর। তাই এটি চালু করে ঘর থেকে বাইরে গিয়ে অপেক্ষা করতে হবে। ১০ থেকে ২০ মিনিটের মধ্যে এই রোবট ঘর জীবাণুমুক্ত করবে।